গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত চৈতী কমপ্লেক্সের ওপরের তিন তলা পুরো খালি করে সব রকম কাজ বন্ধের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা। আপাতত চতুর্থ তলা পর্যন্ত আগামী তিন মাস ব্যবহার করা যাবে বলে মত দিয়েছেন তাঁরা।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ এম এম তৌফিকুল আনোয়ার স্বাক্ষরিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়। চতুর্থ তলা পর্যন্ত তিন মাস ব্যবহারের পর ভবনের অবস্থা দেখে বিশেষজ্ঞরা চূড়ান্ত প্রতিবেদন দেবেন বলে জানা গেছে।
গত ২৩ নভেম্বর চৈতী কমপ্লেক্সের ষষ্ঠ ও সপ্তম তলার কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনেওয়াজ দিলরুবা খান ঘটনাস্থল পরিদর্শন করে ফেমস নিটওয়্যার (এক থেকে পঞ্চম তলায় অবস্থিত) ও এস এস সোয়েটার (ষষ্ঠ ও সপ্তম তলায় অবস্থিত) কারখানা বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে কারখানা ভবন নিরীক্ষার নির্দেশ দেন। এ নিয়ে প্রথম আলোসহ একাধিক সংবাদমাধ্যমে ২৪ নভেম্বর প্রতিবেদন প্রকাশিত হয়।
২৪ নভেম্বর ভবনের মালিক মো. শাহজাহান ভবনের কাঠামো পরীক্ষার জন্য বুয়েটে আবেদন করেন।