টঙ্গীতে কারখানায় বিস্ফোরণের সঠিক তদন্ত চান ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতিগ্রস্ত কারাখানা স্থল পরিদর্শন করেন ড. কামাল। ছবি: জাহিদুল করিম
ক্ষতিগ্রস্ত কারাখানা স্থল পরিদর্শন করেন ড. কামাল। ছবি: জাহিদুল করিম

টঙ্গীতে একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনার সঠিক তদন্ত চেয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আজ রোববার দুপুরে টঙ্গী বিসিক নগরী এলাকায় ক্ষতিগ্রস্ত ওই কারখানা পরিদর্শনে গিয়ে ড. কামাল হোসেন এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘তদন্তে আমরাও ভূমিকা রাখব। আমরা প্রশ্ন করব, জেরা করে আসল জিনিসটা বের করার চেষ্টা করব সবাই মিলে। এ জন্য কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে। এ জন্য মিলমালিকের বক্তব্য নিতে হবে, যাঁরা বয়লার ইন্সপেক্টর, তাঁদের বক্তব্য নিতে হবে, যাঁরা কাছে থেকে দেখেছেন, তাঁদের (শ্রমিকদের) বক্তব্য নিতে হবে।’

এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মো. গোলাম কাদের, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামীমা নাসরীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. কামাল হোসেন বলেন, পত্রিকায় টঙ্গীর এ ঘটনা নিয়ে বিভিন্ন কথা উঠেছে। একজন শ্রমিক বলেছেন যে কারখানার বয়লার ব্রাস্ট হয়েছে, আবার বয়লার ইন্সপেক্টর বলেছেন গ্যাস পাইপের লিকেজ থেকে ওই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে। তাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা তদন্ত করছে, আমি মনে করি, অগ্নিকাণ্ড ও ভবন ধসের পর যাঁরা আহত ও বেঁচে আছেন, তাঁদের কাছ থেকেও তথ্য নিতে হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক আইনও রয়েছে, আইএলওর আইনেরও আমরা সহযোগিতা নেব। এর ভেতরে কী রয়েছে, সেটা তো আমাদের দেখতে হবে।’

তাজরীন ও রানা প্লাজা ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় সরকারের জায়গাটায় দায়িত্ব নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা সেই দায়িত্ব কতটুকু পালন করছেন, সেটাও দেখতে হবে।