টঙ্গীতে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পুলিশ গত সোমবার সন্ধ্যায় জাহানারা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। সে কিশোরগঞ্জের কটিয়াদী থানার চরজাকালিয়া গ্রামের মো. আসাব আলীর মেয়ে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টঙ্গীর মধুমিতা এলাকার ইউনুস আলী সরকার রোডের মো. শাহিদুল ইসলামের নির্মাণাধীন ছয়তলা বাড়ির ছাদে কে বা কারা জাহানারার লাশ ফেলে রেখে যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ পচে বাড়ির আশপাশে গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মেয়েটি টঙ্গীর উত্তর আরিচপুরে তার ফুপুর ভাড়া বাসায় থাকত। ২৪ জুন রাতে সে নিখোঁজ হয়। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।