টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু
টঙ্গীতে গতকাল শুক্রবার রাতে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। গভীর রাতে টঙ্গী সরকারি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে পুলিশের উপস্থিতিতে টঙ্গী স্টেশন রোডের ঢাকা-ময়মনসিংহ মোড় এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে ধরা হয়। থানা ছাত্রলীগের এক নেতা ওই যুবককে টঙ্গী রেলজংশনে নিয়ে আসেন। পরে তাঁকে রাত ১০টার দিকে গণপিটুনি দেওয়া হয়। রাত দুইটার দিকে দুই ব্যক্তি ওই যুবককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের চিকিত্সক মামুনুর রশিদ জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পর ওই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুর আলী ভোর চারটার দিকে হাসপাতাল থেকে ওই যুবকের লাশ থানায় নিয়ে আসেন।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে জানান, গণপিটুনিতে এক অজ্ঞাতনামা ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা সম্পর্কে এসআই জানান, ওই যুবককে পুলিশের কাছে না দিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করাটা আইনসম্মত হয়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।