টঙ্গীতে গণপিটুনিতে একজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীর আরিচপুর মধুমিতা হাউস বিল্ডিং মোড় এলাকায় গত বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের সময় এলাকাবাসীর পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে৷
নিহত সুজন মিয়া (২৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে৷ তিনি স্ত্রীসহ টঙ্গীর মাছিমপুর এলাকায় একটি বস্তিতে থাকতেন৷ সুজন টঙ্গী থানার তালিকাভুক্ত ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে৷
তবে সুজনের ভগ্নিপতি মো. বাবু দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী কৌশলে ছিনতাই নাটক সাজিয়ে সুজনকে পিটিয়ে হত্যা করেছেন৷ এর আগেও সুজনকে মারধর করা হয়েছিল৷
এলাকাবাসী ও টঙ্গী মডেল থানার পুলিশ জানায়, নোয়াখালীর মাইজদী থেকে ব্যবসায়ী সজল মিয়া তাঁর স্ত্রী শিউলী ও বোন সেলিনাকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিলেন৷ বৃহস্পতিবার রাত নয়টায় তাঁরা টঙ্গীর স্টেশন রোড বাসস্ট্যান্ডে নেমে একটি রেস্তোরাঁয় খাবার খান৷ রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁদের জিম্মি করে আরিচপুর মধুমিতা হাউস বিল্ডিং মোড়ে নিয়ে যায়৷ সেখানে তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা, তিনটি মুঠোফোন, দুটি রুপার হার ও স্বর্ণের কানের দুল হাতিয়ে নেয়৷ ছিনতাইকারীরা শিউলি ও সেলিনার নাকফুল টেনে খোলার সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন৷ এ সময় অন্য ছিনতাইকারীরা পালাতে পারলেও সুজন ধরা পড়েন৷ লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়৷
টঙ্গী থানার এসআই হাসানুজ্জামান জানান, নিহত সুজন টঙ্গী থানার চিহ্নিত ছিনতাইকারী৷ তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একািধক অভিযোগ আছে৷