টঙ্গীতে গণপিটুনিতে ডাকাত নিহত
গাজীপুরের টঙ্গীতে ডাকাতি করতে এসে ধরা পড়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জাহানারা (২৬) ও মায়া (২২) নামে দুই নারী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, হোসেন মার্কেট এলাকার বাসিন্দা হোসেন বেপারীর বাড়ির ভাড়াটে জাহানারার বাসায় সাত-আটজন ডাকাত গত রোববার রাত আটটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয়। জাহানারা তাদের বাধা দিতে গেলে তারা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। জাহানারার স্বজন মায়া এগিয়ে এলে তাঁকেও তারা কোপাতে শুরু করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাত দলের একজনকে ধরে ফেলে। এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ধরা পড়া ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে টঙ্গী হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে সেখানে তার মৃত্যু হয়।