টঙ্গীতে গুদামে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
গাজীপুরের টঙ্গী মিলগেইট এলাকায় গতকাল সোমবার সকালে অগ্নিকাণ্ডে দুটি ঝুটের গুদাম পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ নিহত ও ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন।
নিহত তরুণের নাম মো. সুমন (২৮)। তাঁর বাড়ি টঙ্গীর আমতলা এলাকায়। আহত ব্যক্তিরা হলেন টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী তৌহিদুল ইসলাম ও লিয়াকত হোসেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল পৌনে আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টঙ্গীর মিলগেইট এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপরই নেভাতে গিয়ে স্থানীয় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ছাড়া ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তাঁদের টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।