টঙ্গীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গাজীপুরের টঙ্গীর খরতৈল এলাকায় স্বপ্না (৩২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের মেঝে থেকে স্বপ্নার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় হত্যা মামলা হয়েছে।স্বপ্না শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদি গ্রামের মো. শহিদের মেয়ে। তিনি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। রিকশাচালক স্বামী মো. জাহিদের সঙ্গে খরতৈল খালেক মার্কেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।স্বপ্না হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শেখ শাহিন জানান, বাড়ির লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে ঘরের মেঝে থেকে স্বপ্নার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।শাহিন বলেন, ধারণা করা হচ্ছে, জাহিদ তাঁর স্ত্রী স্বপ্নার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনার পর থেকে জাহিদ পলাতক।হত্যা মামলার বাদী ও স্বপ্নার ছোট ভাই সাজু অভিযোগ করেন, তিন মাস আগে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহিদ বিভিন্ন সময় তাঁর বোনকে শারীরিক নির্যাতন করেছেন। জাহিদই তাঁর বোনকে হত্যা করে পালিয়েছেন।