টঙ্গীতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে সীমা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূ সীমা আক্তার টঙ্গীর এরশাদনগর ১ নম্বর কলোনির মো. আতাউর রহমানের মেয়ে। এ ব্যাপারে সীমার মা মাফিয়া বেগম টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ও গৃহবধূর পরিবারের ভাষ্য অনুযায়ী সীমা আক্তারকে গত শুক্রবার রাতে ঘরের ভেতর ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পাঁচ মাস আগে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি পরিবারের অমতে ফুসলিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে সীমাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নানা অজুহাতে আলমগীর সীমাকে নির্যাতন করে আসছিলেন। সীমার মা মাফিয়া বেগম অভিযোগ করেন, গত শুক্রবার তাঁর মেয়েকে পিটিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন আলমগীর। এ বিষয়ে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।