টঙ্গীতে গৃহবধূর মৃত্যু হাসপাতাল ভাঙচুর
গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই ঘটনায় গৃহবধূর স্বজনেরা উত্তেজিত হয়ে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ ও হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। নিহত গৃহবধূ হলেন টঙ্গীর দত্তপাড়া এলাকার মো. রুবেল মৃধার স্ত্রী শারমীন আক্তার (২২)। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, টঙ্গীর দত্তপাড়া এলাকার গৃহবধূ শারমীনকে গতকাল রোববার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকার নিউ তুরাগ জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেডে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রোগীর স্বজনদের অনুমতি ছাড়াই ওই হাসপাতালের চিকিৎসক মতিয়ার রহমান তাঁকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে চেতনানাশক ইনজেকশন দেন। পরে হাসপাতালের অপর চিকিৎসক নাঈমা ইসলাম তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূর একটি পুত্রসন্তান হয়। অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও গৃহবধূ শারমীনের সংজ্ঞা না ফেরায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। এদিকে ভুল অস্ত্রোপচারে শারমীনের মৃত্যুর খবর তাঁর স্বজনদের কাছে ছড়িয়ে পড়ে। পরে স্বজনেরা লোকজন নিয়ে এসে হাসপাতালে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, গ্লাস, আসবাব ভাঙচুর করে। ভাঙচুরের খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশটি উদ্ধার করে। শারমীনের স্বজনেরা রাত পৌনে আটটার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে হাসপাতালে দ্বিতীয় দফায় ভাঙচুর চালায়। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শারমীনের বাবা মো. শাহ আলম বলেন, ‘অস্ত্রোপচারের আগে আমাদের জানানো হয়নি, এমনকি কন্ট্রাক ফরমেও স্বাক্ষর নেওয়া হয়নি। অস্ত্রোপচার করে শারমীনের ছেলেসন্তান হয়েছে।’ এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।