টঙ্গীতে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে চাঁদা দিতে অস্বীকার করায় মো. নূর নবী (৩২) নামের এক ট্রাকচালককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নূর নবী বর্তমানে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি। হামলার ঘটনায় গাজীপুর নগরের ৫৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন, তাঁর সহযোগী রাশেদ ও রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন নূর নবীর স্ত্রী মোকসেদা। এর মধ্যে রাশেদকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক মিলগেটের কয়েকজন ট্রাকচালক জানান, যুবলীগের নেতা ফারুক হোসেন ওরফে পাইপ ফারুক দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ৩০ টাকা করে চাঁদা তুলছেন। তাঁর হয়ে চাঁদা সংগ্রহ করেন রাশেদ ও রুবেল। প্রতিদিনের মতো গতকাল সকালে চাঁদা তুলতে মিলগেটে আসেন রাশেদ ও রুবেল। নূর নবী চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা নূর নবীকে মারধর করেন এবং উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় নূর নবীকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে, পরে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে স্ত্রী মোকসেদা জানিয়েছেন।
হামলা ও চাঁদাবাজির ব্যাপারে জানতে চাইলে যুবলীগের নেতা ফারুক হোসেন বলেন, ‘ভাই, আমি কিছুই জানি না। আমার কথা বইলা কেউ চাঁদাবাজি করলে আমি কী করুম। আমি ওদের খুঁজতাছি। পাইলে দেখেন কী করি।’
তবে টঙ্গীর স্টেশন রোড, ইজতেমা ময়দানের আশপাশের রাস্তা ও মিলগেট এলাকা থেকে ফারুক নিয়মিত ভ্রাম্যমাণ দোকান, বাস ও ট্রাক থেকে চাঁদা তোলেন বলে একাধিক ব্যক্তি প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন। চাঁদা না দেওয়ায় এর আগেও হামলার ঘটনা ঘটেছে। কিন্তু ফারুকের ভয়ে কেউ থানায় অভিযোগ দিতে সাহস করেননি।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রাশেদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।