টঙ্গীতে চার ফ্ল্যাটে ডাকাতি, দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর তিলারগাতিতে এক বাড়ির চারটি ফ্ল্যাটে সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছেন। পালানোর সময় ডাকাতেরা ককটেলের বস্ফোরণ ঘটায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিলারগাতি এলাকার বাহাদুর মণ্ডলের বাড়ির দোতলার পূর্ব দিকে দুই ফ্ল্যাটে বাহাদুর মণ্ডল ও তাঁর বড় ছেলে মোস্তফা মণ্ডল, পশ্চিম দিকে ছোট ছেলে মাসুদ মণ্ডল ও ভাড়াটে দেলোয়ার হোসেন থাকেন। ডাকাতেরা নিচতলায় ভবনের মূল ফটকের তালা, দ্বিতীয় তলার কলাপসিবল গেটের তালা ও ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে।
বাহাদুর মণ্ডল, মাসুদ মণ্ডল, দেলোয়ার ও প্রতিবেশীরা জানান, রাত সাড়ে তিনটার দিকে তালা ভাঙার শব্দ পেয়ে মাসুদ ফ্ল্যাটের বেলকনিতে দাঁড়িয়ে ডাকাত বলে চিৎকার দেন। এর পরই ডাকাতেরা একসঙ্গে চারটি ফ্ল্যাটে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ফ্ল্যাটের লোকজনকে পিস্তল ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলা হয়। মাসুদ তাদের প্রতিহত করতে গেলে তাঁকে কুপিয়ে জখম করে বেঁধে ফেলা হয়। পরে মাসুদ ও মোস্তফার স্ত্রীর কাছ থেকে চার ভরি স্বর্ণালংকারসহ সাতটি মুঠোফোন সেটও লুট করা হয়।