টঙ্গীতে চুনবাহী গাড়িতে আগুন লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে অতিরিক্ত চুনবোঝাই একটি পিকআপ ভ্যানে গতকাল মঙ্গলবার আগুন লাগার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের বস্তিতে ঢুকে পড়ে। এ সময় আগুনে বস্তির তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাসায়নিক দ্রব্য ক্যালসিয়াম কার্বনেট (চুন) বোঝাই গাড়িটি (হবিগঞ্জ ন ১১-০০২৯) ঢাকার আরমানিটোলা থেকে গাজীপুরে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে আবদুল্লাহপুর ব্রিজের ওপর পৌঁছালে তাতে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি টঙ্গীর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনের বস্তির ভেতরে ঢুকিয়ে দিলে তিনটি ঘর ও ঘরে থাকা আসবাব আগুনে পুড়ে যায়। এ ঘটনার পর গাড়িটির চালক ইমনকে (২৮) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক দিনমজুর লিটন (৪৫), হামিদুল (২০) ও দিলু (৩০) দাবি করেন, আগুনে তাঁদের প্রত্যেকের ২৫ থেকে ৩০ হাজার টাকা করে ক্ষতি হয়েছে। টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আসলাম বলেন, অতিরিক্ত রাসায়নিক বহনের কারণেই মূলত গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি আটক রেখে মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।