টঙ্গীতে ছয়জনকে কুপিয়ে জখম
গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় গত রোববার রাতে ছয়জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সাইদুর (২৪), আহসান উল্লাহ (২০), মেরাজ (১৮), সুকুমার (১৮), মাসুম (২৫) ও মুছা (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামি। রোববার রাতে ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় তারা ওই ছয়জনকে কুপিয়ে জখম করে।
পূর্ব আরিচপুরের বাসিন্দা ও ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাত সাড়ে ১০টায় টঙ্গীর চাঞ্চল্যকর কাউসার ও জালাল হত্যা মামলার আসামি জসিম, শাহজাহান ও পাগলা বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা ওই ছয়জনকে রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত ব্যক্তিদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পূর্ব আরিচপুরের একাধিক বাসিন্দা জানান, আহত ব্যক্তিরা বিভিন্ন সময় ওই সন্ত্রাসীদের অপরাধমূলক কাজে বাধা দিয়ে আসছিলেন। এরই জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে।