টঙ্গীতে ছাত্র সংঘর্ষে তামিরুল মিল্লাত মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় গতকাল রোববার দুদল ছাত্রের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসায় ছুটি ঘোষণা করেছে। আবাসিক ছাত্রদের রোববার বিকেল চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ছাত্ররা এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে। প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসার সাধারণ ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদ্রাসার হোস্টেল সুপার জয়নাল আবেদীন ও এরশাদ উল্লাহর অপসারণের দাবিতে ছাত্ররা কয়েক দিন ধরে আন্দোলন করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্ররা মাদ্রাসার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ নিয়ে আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন হলে ঢুকে আন্দোলনকারী ছাত্রদের ভর্ৎসনা করেন। তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ করেন। এ ঘটনায় ছাত্ররা ক্ষুব্ধ হয়। মাদ্রাসার অধ্যক্ষ মো. যয়নুল আবেদীন গত শনিবার সকালে দুই হোস্টেল সুপারকে প্রত্যাহার করে ঘটনার মীমাংসা করার চেষ্টা করেন। এদিকে গতকাল সকাল থেকে একদল ছাত্র মাদ্রাসার গুরুত্বপূর্ণ সব দায়িত্ব থেকে শিক্ষক মাহতাব উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র শাবল, লোহার রড নিয়ে মাদ্রাসার ক্যাম্পাসে অবস্থিত মাহতাব উদ্দিনের বাসায় হামলা করে। তারা ওই শিক্ষকের বাসায় ঢুকে চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় সাধারণ ছাত্ররা হামলাকারীদের বাধা দিলে উভয়পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে ১২ ছাত্র আহত হয়। আহত ছাত্রদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।