টঙ্গীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার মহানগর ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন। দলীয় সূত্রে এ কথা জানা যায়।
দলীয় সূত্রে জানা যায়, উচ্চ আদালতে নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও আরও ২০ কোটি টাকা জরিমানার রায় দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে টঙ্গীতে মিছিল বের করা হয়। টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান ওরফে স্বপনের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী মার্কেট বাসস্ট্যান্ডে এলে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে। এতে অন্তত ১০ জন আহত হন। মিছিল থেকে পুলিশ গাজীপুর জেলা তৃণমূল দলের সভাপতি শাহ জেড মাহমুদকে আটক করে।
এদিকে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস সাজেদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরা এলাকায় জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক নাজমুল খন্দকার ওরফে সুমনের নেতৃত্বে ও টঙ্গী মিলগেট এলাকায় ছাত্রদল নেতা সিরাজুল ইসলামের নেতৃত্বে পৃথক মিছিল করা হয়।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালকদার বলেন, মিছিল করে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁদের ওপর কোনো হামলা চালানো হয়নি।