টঙ্গীতে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, এসআইসহ ১৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর নয়াগাঁও ব্যাংকের মাঠ এলাকায় গতকাল সোমবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় হয়েছে। এতে টঙ্গী মডেল থানার একজন উপপরিদর্শকসহ (এসআই) কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সাড়ে নয়টার দিকে টঙ্গী মডেল থানা থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যাংকের মাঠ এলাকায় টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেলের কয়েকজন কর্মীর সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আল আমিনের কর্মীদের বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে সোহেল ও তাঁর কর্মীরা আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকের মাঠে গিয়ে আল আমিনের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় আল আমিনের কর্মীরাও পাল্টা হামলা করে। দুই পক্ষের সংঘর্ষের সময় সাত আটটি গুলির শব্দ শোনা যায়। কারও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে সংঘর্ষের সময় রামদার কোপে ব্যাংকের মাঠ এলাকার মুদি দোকানি নূর আলম জখম হন। খবর পেয়ে টঙ্গী থানার এসআই মিজানের (১) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় এসআই মিজানের ডান হাতে দায়ের কোপ লাগে। এ ছাড়া সংঘর্ষে আরও দুজন ধারালো অস্ত্রের আঘাতে জখম ও ছাত্রলীগ-যুবলীগের ১০ জন আহত হন। জখম চারজন টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে এসআই মিজানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’