টঙ্গীতে ছিনতাইকারীর ঘুষিতে যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ঘুষিতে গতকাল শুক্রবার রাতে খায়রুল ইসলাম (৩৫) নামের এক যুবক মারা গেছেন। খায়রুল ইসলাম আমিন মডেল টাউন কোম্পানির চেইনম্যান। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইফতার শেষে গতকাল রাত সাড়ে আটটার দিকে খায়রুল বাসায় যাচ্ছিলেন। টঙ্গী থানার বাটা কোম্পানির কার্যালয়ের সামনে পৌঁছামাত্র চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। তারা খায়রুলের কাছে টাকাপয়সা ও মুঠোফোন দাবি করে। টাকাপয়সা না পেয়ে ছিনতাইকারীরা খায়রুলের পেটে-বুকে এলোপাতাড়ি ঘুষি মারলে তিনি হাউমাউ করে চিৎকার করতে করতে মাটিতে লুটে পড়েন। এর কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ খায়রুলের লাশ উদ্ধার করে।এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ছিনতাইকারী চক্রকে ধরতে পুলিশের কয়েকটি দল টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।