টঙ্গীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
গাজীপুরের টঙ্গীর আরিচপুরে গতকাল বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলম বিল্লাহ (৭০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
আলম বিল্লাহর বাড়ি জামালপুর সদর উপজেলার দেওয়ানপাড়া গ্রামে। তিনি আরিচপুরের ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন।
পুলিশ ও আলম বিল্লাহর পরিবারের সদস্যরা জানান, তিনি পারিবারিক প্রয়োজনে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গতকাল ভোর পাঁচটায় আরিচপুরের বাসা থেকে বের হন। একই এলাকার একটি স্কুলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে। দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়। পথচারীদের একজন তাঁর মুঠোফোন দিয়ে কল করে পরিবারের সদস্যদের ঘটনা জানান।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক আবদুল মান্নান তালুকদার বলেন, আলম বিল্লাহর ছেলে মো. সজীবের (৪০) আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পরে সজীব হত্যা মামলা করেন।