টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক নিহত
টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় শাজাহান সিরাজ সাজু (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত সাজু টঙ্গীর গোপালপুরের আবুল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাজু একটি নির্মাণাধীন বাড়ির মালিক মোজাম্মেল খানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে সাজুর সঙ্গে বাড়ির মালিকের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মোজাম্মেল খানের বাড়ির কেয়ারটেকার স্বপনও তর্কে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের উত্তেজিত অবস্থায় কেয়ারটেকার স্বপন বাড়িতে থাকা চাকু দিয়ে উপর্যুপরি সাজুকে আঘাত করেন। সাজু গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন।ঢামেক হাসপাতালে নেওয়ার পথেই সাজু মারা যান। বাড়ির মালিক মোজাম্মেল খান জানান, নির্মাণ শুরু করার পর থেকেই বিভিন্ন সময় সাজু চাঁদা দাবি করতেন। এক সপ্তাহ আগেও ৫০০ টাকা চাঁদা নিয়েছেন। গতকাল তিনি ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে ঝগড়ার সৃষ্টি হয়।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে, তদন্ত হলে প্রকৃত ঘটনা জানা যাবে।