টঙ্গীতে ছয়টি ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় পাশাপাশি দুটি ষষ্ঠ তলা আবাসিক ভবনের ছয়টি ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা দুটি মোটরসাইকেলসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। টঙ্গী মডেল থানা ও ভবনের তত্ত্বাবধায়ক মো. সিদ্দিকুর রহমানের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার পরে একদল ডাকাত আউচপাড়া এলাকার সুরতরঙ্গ সড়কে মো. বাবুল সরকারের বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এবং পাশের হাজি মো. রফিকের ছয়তলা ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার তিনটি ফ্ল্যাটে ডাকাতি হয়। ডাকাতেরা পাশের ভবনের ছাদের ওপর দিয়ে ঢুকে পাশাপাশি দুটি ছয়তলা আবাসিক ভবনের চারটি ভাড়া ফ্ল্যাটে তালার হুক কেটে নির্বিঘ্নে ডাকাতি করে। তারা মো. বাবুল সরকারের বাসার নিচতলা থেকে দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বাবুল সরকারের ষষ্ঠতলার ভাড়াটে জেনারেল ফার্মাসিউটিক্যালসের ঊর্ধ্বতন মাননিয়ন্ত্রণ কর্মকর্তা আ. সালেক পরিবার নিয়ে ঈদের ছুটিতে সিরাজগঞ্জের তালাশে গ্রামের বাড়িতে ছিলেন। ভবনের সুরক্ষিত ফটক ও ফটকে পাহারাদার থাকার পরও এমন ডাকাতির ঘটনা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাঁর একটি হীরকখচিত আংটি, স্বর্ণের চেইন ও নগদ মিলিয়ে লক্ষাধিক টাকার মালামাল ডাকাতেরা নিয়ে গেছে। একই ভবনের ভাড়াটে মো. সালাউদ্দিন ও মো. সামশুল আলমের দুটি মোটরসাইকেলও লুটে নিয়েছে ডাকাতেরা। হাজি রফিকের ভবনের ষষ্ঠতলার ভাড়াটে আনিসুল হকের বাসার স্টিলের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও টাকা মিলিয়ে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি ছুটি কাটাতে গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। ওই ভবনের অপর দুই ভাড়াটিয়াকে এখন পর্যন্ত খবর দেওয়া সম্ভব হয়নি বলে ভবনের তত্ত্বাবধায়ক মো. শামসুদ্দিন (৫৮) জানিয়েছেন।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বাসার তালা কেটে চোর ঢুকে চুরি করেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।