টঙ্গীতে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় জমি দখল নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটে।
দুই পক্ষ জানায়, টঙ্গীর কাকিল সাতাইশ মৌজার ১৩৮৫ আরএস দাগের ১৭ শতাংশ জমির মালিকানা নিয়ে শাহ আলী ও রিয়াজউদ্দিনসহ সাত ব্যক্তির সঙ্গে মতিউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মতিউর রহমান গাজীপুরের আদালতে মামলা করলে গত ২৭ জানুয়ারি আদালত জমিতে সব রকম কার্যক্রমের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জমি নিজের দাবি করে মতিউর রহমান সেখানে টিন ও কাঠের বেড়া দিয়ে রেখেছিলেন। গতকাল বেলা ১১টার দিকে শাহ আলী ও রিয়াজউদ্দিন ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে সেখানে গিয়ে বেড়া ভাঙচুর করেন। মতিউরের লোকজন বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মতিউরের প্রতিবেশীরা লাঠি ও দা-বঁটি নিয়ে প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে মতিউর রহমান বলেন, ‘আমি দুই দফায় ১৭ শতাংশ জমি কিনে টিন-কাঠের বেড়া দিয়েছি। প্রতিপক্ষ অস্ত্রের মাধ্যমে গোলাগুলি করে জমি দখলের চেষ্টা করেন। এলাকাবাসী তাঁদের প্রতিহত করেন।’
তবে রিয়াজউদ্দিন বলেন, ‘আমাদের জমিতে আমরাই বেড়া দিয়েছি। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও মতিউর পুনরায় জমিতে উপর্যুপরি টিন-কাঠের বেড়া দেন। আমরা বাধা দিতে যাওয়ায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর গাজী বলেন, জমি দখল নিয়ে বিরোধে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।