টঙ্গীতে জামায়াতের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গী থেকে গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা অনুমতিতে কর্মী সম্মেলন করার অভিযোগে তাঁদের আটক করা হয়।গ্রেপ্তারকৃত নেতা-কর্মীরা হলেন টঙ্গী থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. এরফানুল হক, শুরা সদস্য নুরুল আমিন, রোকন মো. মহিউদ্দিন ও আবুল কালাম আজাদ, দলের টঙ্গীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসাইন, কর্মী মো. আবদুল্লাহ, মো. আশরাফ, মো. রবিউল হাসান ও মো. মামুন। এ সময় আমির হোসেন নামে আরেকজনকে আটক করা হয়। তিনি পথচারী বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।জামায়াতের গাজীপুর জেলা আমির আবুল হাসেম খান জানান, দলের টঙ্গী কার্যালয়ের ভেতরে গতকাল সকালে সম্মেলন শেষে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সেখানে গিয়ে তাঁদের ধরে নিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, ‘নিজস্ব কার্যালয়ে আমরা সম্মেলন করতেই পারি। কিন্তু পুলিশ মিথ্যা অভিযোগে আমাদের নেতা-কর্মীদের ধরে নিয়ে গেছে।’তবে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন দাবি করেন, নাশকতা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় জামায়াতের টঙ্গী কার্যালয়ের ভেতর থেকে নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।