টঙ্গীতে জাল টাকা তৈরির মেশিনপত্রসহ ৪ জন গ্রেপ্তার
টঙ্গী থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় দত্তপাড়া ও আউচপাড়ার দুটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনপত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমামের নেতৃত্বে একদল পুলিশ প্রথমে দত্তপাড়া এলাকায় লেদু মোল্লা রোডের মুশফিকুর রহমানের বাড়ি ও পরে আউচপাড়ার ছালামত মোল্লা রোডের আবদুর রহিমের বাড়িতে অভিযান চালায়। পুলিশ এ সময় ৫০০ টাকার ৩৮১টি জাল নোট, ১০০ মার্কিন ডলারের দুটি জাল নোট, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি কালার প্রিন্টার, একটি স্ক্যানার মেশিনসহ জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে। এ সময় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত সালমা বেগম ওরফে চায়না (৩৯) ও তাঁর ছেলে মারুফ (২০) এবং সহযোগী ইব্রাহিম (২২) ও রাজা মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়ি বাগেরহাট সদর থানার আতাইকাঠি গ্রামে। তাঁরা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে আসছিলেন। অভিযানের সময় ওই জালিয়াত চক্রের মূল হোতা মাহবুব মোল্লা (গ্রেপ্তার হওয়া সালমার স্বামী) ও তাঁর শ্যালিকা জোসনা (২২) পালিয়ে যেতে সক্ষম হন।এ ব্যাপারে টঙ্গী থানার এসআই মঞ্জুরুল হক বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।