টঙ্গীতে জোড়া খুন যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোড়া খুনের দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। ২০১০ সালের ১৫ জুন গাজীপুরের টঙ্গীর আরিচপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহ গ্রামের আবদুল হামিদের ছেলে বদরুল ইসলাম (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, টঙ্গীর আরিচপুর বউ বাজারের লাতিফ গাজীর বাড়িতে পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন ইসমাইল ও বেলাল হোসেন। ইসমাইলের শ্যালক বদরুল ঘটনার দিন ওই বাসায় বেড়াতে আসেন। তিনি ভগ্নিপতির কাছে পাওনা টাকা চান। ওই টাকা দিতে না পারায় বদরুল উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁর দুলাভাইকে হত্যা করেন। এ সময় প্রতিবেশী বেলাল এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে বদরুল পালিয়ে যান। পরে ঘটনাস্থলে বেলালেরও মৃত্যু হয়।
এ ঘটনায় বেলালের ভাই মো. ফজলু মিয়া টঙ্গী থানায় মামলা করেন। পরদিন পুলিশ বদরুলকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। টঙ্গী থানার এসআই রাজিউর রহমান ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর বদরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।