টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর এরশাদনগরের মোল্লাপাড়া এলাকায় সহযোগীসহ আওয়ামী লীগের নেতা খুনের ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে। নিহত শরীফ হোসেনের মা ইয়ানুর বেগম বাদী হয়ে গত রোববার রাতে এ মামলা করেন। গতকাল সোমবার সকালে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন এরশাদনগর এলাকার কামরুল ইসলাম, মো. হাসান, মোবারক হোসেন, মো. আলী, শুকুর আলী, জামাল হোসেন, হিরা মিয়া, ইকবাল হোসেন, মো. সুমন, আজিজুল হক ও দীল মোহাম্মদ এবং দত্তপাড়া টেকবাড়ি এলাকার শামিম হোসেন। এ ছাড়া অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার একই এলাকার অপু, সোহেল মিয়া ও আরিফ হোসেন নামের তিনজনকে আটক করে পুলিশ। গতকাল সকালে অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি এরশাদনগর এলাকার সুমনকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর সবুর প্রথম আলোকে বলেন, ঘটনা একই হওয়ায় একটি এজাহারই নেওয়া হয়েছে।