টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর তুরাগ নদের তীরে গতকাল শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা। ২৪ নভেম্বর দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
ইজতেমা ময়দানের মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছর টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে পাঁচ দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়। বিশ্ব ইজতেমার প্রাক্-প্রস্তুতিমূলক এই ইজতেমায় দেশ-বিদেশের প্রায় তিন লাখ মুসল্লি সমবেত হন। কালিমা, নামাজ, ইমান-আমল, জান্নাত-জাহান্নাম সম্পর্কে এই ইজতেমায় দেশ-বিদেশের মুরব্বিরা বয়ান করবেন।
এবারও দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তিন দিনের প্রথম দফা ৮ জানুয়ারি এবং তিন দিনের দ্বিতীয় দফা ১৫ জানুয়ারি শুরু হবে। প্রতি দফার শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
টঙ্গী মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।