টঙ্গীতে জোড়া খুনের মামলার আসামী ময়মনসিংহে গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে গত মঙ্গলবার সংগঠিত জোড়া খুনের মামলার আসামী বদরুল ইসলামকে (২১) গতকাল বুধবার তাঁর ময়মনসিংহের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, উপজেলার রৌহা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বদরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় খুনে ব্যবহূত ছোরাও উদ্ধার হয়েছে। বিকেলে তাঁকে টঙ্গী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ জানায়, গত মঙ্গলবার টঙ্গীর পূর্ব আরিচপুরের বৌ বাজার এলাকায় বদরুলের ছুরিকাঘাতে ভগ্নিপতি ইসমাইল (৩৬) ও ভাঙ্গারী ব্যবসায়ী বেলাল উদ্দিন (৪২) নিহত হন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপনচন্দ্র সাহা জানান, গত মঙ্গলবার বিকেলে বদরুল ভগ্নিপতি ইসমাইলের কাছে প্রথমে ৫০০ টাকা ও পরে দেড় হাজার টাকা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দেয় সে। এক পর্যায়ে বদরুল ছোরা নিয়ে ইসমাইলের ওপর চড়াও হয়। এ সময় তাঁর চিৎকারে পাশের বাড়ির ভাড়াটিয়া বেলাল এগিয়ে এলে তাঁকেও ছোরা দিয়ে আঘাত করে বদরুল। ইসমাইল ও বেলাল ঘটনাস্থলেই মারা যান।