টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় ঝুট ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।সূত্র জানায়, এ ঘটনায় একটি বিদেশি পিস্তল, একটি শটগান, চারটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার এবং দুটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।টঙ্গী মডেল থানা এবং স্থানীয় সূত্র জানায়, ঝুট ব্যবসায়ী সৈয়দ ইয়াছিন ও সেলিম তাঁদের পক্ষের লোকজন নিয়ে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সোমবার রাত নয়টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় আরেক ঝুট ব্যবসায়ী সিদ্দিকের বাড়িতে হামলা চালান। এ সময় সিদ্দিক তাঁর পক্ষের লোকজন নিয়ে এগিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।স্থানীয় সূত্র জানায়, ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় তারা আটটি গুলির শব্দ শুনেছে।স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন: সিদ্দিকের পক্ষের সিদ্দিক (৩৩) নিজে, আবদুল জলিল (৪৫), আশা (৯), সাফিয়া (৫৫), সবুজ (২২), মো. আলাউদ্দিন (৪৮) ও আল আমীন (১১) এবং ইয়াছিনের পক্ষের মো. সায়েম (২৫), মো. ইপুসহ (২৪) তিনজন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ মো. সায়েম ও মো. ইপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সূত্র জানায়, খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, দুটি মোটরসাইকেলসহ ভুট্টো (২৫), রুবেল (২৫) ও সোহাগ (৩০) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা ইয়াছিনের পক্ষের লোক।এদিকে সোমবার গভীর রাতে র‌্যাব-১-এর সদস্যরা অভিযান চালিয়ে টঙ্গী সরকারি হাসপাতালের মাঠ থেকে একটি মাইক্রোবাসসহ সৈয়দ ইয়াছিনের চাচাতো ভাই সৈয়দ মাহফুজ ও মুজিবুর রহমানকে আটক করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চারটি গুলিভর্তি একটি বিদেশি শটগান উদ্ধার করা হয়।গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব এ ঘটনায় মামলা করে উদ্ধার করা অস্ত্র, গুলি, মাইক্রোবাসসহ গ্রেপ্তার দুই ব্যক্তিকে টঙ্গী থানায় সোপর্দ করেছে।সংঘর্ষের ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে সংঘর্ষের কথা নিশ্চিত করলেও গোলাগুলির বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি ওই ঘটনায় দুজনের গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করে জানান, সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ-সাতজন আহত হয়েছেন।ঘটনাস্থল থেকে তিনজনের গ্রেপ্তার হওয়ার কথা জানা গেলেও ওসি ইসমাইল হোসেন বলেন, রুবেল ও সোহাগ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, যে বাড়িতে হামলা হয়েছে সে বাড়ির এক ব্যক্তি মামলা করেছেন। সিদ্দিকের ভাবি নুরজাহানের ভাষ্যমতে, ইয়াছিন, সেলিম ও সিদ্দিক একসঙ্গে বিসিক এলাকায় ঝুট ব্যবসা করতেন। সিদ্দিক আলাদাভাবে ব্যবসা শুরু করলে কিছুদিন আগে ইয়াছিন ও সেলিম লোকজন নিয়ে সিদ্দিককে মারধর করেন। এ ব্যাপারে থানায় মামলা হলেও ওসি আসামিদের গ্রেপ্তার না করে তাঁদের সঙ্গে আপস করতে বলেন। ইয়াছিন ও সেলিম টঙ্গী থানার ওসির মদদ পেয়ে সিদ্দিকের বাড়িতে এই হামলা চালিয়েছেন।