টঙ্গীতে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় সোমবার রাতে মো. ইসরাফিল (২৮) নামের একজন ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করে। ইসরাফিলের বাড়ি টঙ্গীর দত্তপাড়া এলাকায়। ইসরাফিলের পরিবার ও পুলিশ জানায়, ইসরাফিলকে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাঁর বন্ধু বাদল ও মাসুদ ঘুম থেকে ডেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। পরদিন তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। টঙ্গী থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির মাথায় ও বুকে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে। ইসরাফিলের মা সূর্যবানু প্রথম আলোকে জানান, ‘তিন বন্ধু ইসরাফিল, বাদল ও মাসুদ মিলে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পোশাক কারখানায় ঝুট কাপড়ের ব্যবসা করত। ব্যবসা নিয়ে সোমবার দুপুরে বাদলের সঙ্গে ইসরাফিলের কথা-কাটাকাটি হয়। রাতে ওই ঘটনার মীমাংসার কথা বলে বাদল ও মাসুদ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।’ তিনি অভিযোগ করেন, বাদল ও মাসুদই তাঁকে গুলি করে হত্যা করেছে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ইসরাফিল, বাদল ও মাসুদ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তারা স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করে। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।