টঙ্গীতে ঝুট ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা
ঝুট ব্যবসা করা নিয়ে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় গত বুধবার রাতে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী।নিহত মো. খলিলুর রহমান (৩৫) টঙ্গীর পূর্ব গাজীপুরা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে। তিনি টঙ্গীর সাতাইশ ও গাজীপুর এলাকার বেশ কয়েকটি কারখানায় ঝুটের ব্যবসা করতেন।ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এর আগে গত রোববার রাতে সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় মো. স্বপন মিয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এলাকাবাসী, নিহত ব্যক্তির পরিবার ও পুলিশের ভাষ্যমতে, কাজ শেষে বুধবার রাত নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরা এলাকার যাত্রী ছাউনির নিচে বসে চা খাচ্ছিলেন খলিলুর রহমান। ওই সময় টঙ্গী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিকের ভাই কাজী কামাল, কাজী হুমায়ুন, স্থানীয় দিপু সরকার, শাহাদৎ আলী ওরফে সাদুসহ ১৫-১৬ জন সন্ত্রাসী খলিলুর রহমানকে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। সন্ত্রাসীদের ভয়ে এগিয়ে আসেনি এলাকাবাসী। খবর পেয়ে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহ্মুদ মঈন ঘটনাস্থলে গিয়ে খলিলুরকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে খলিলুরের লাশ পূর্ব গাজীপুরা এলাকায় নিয়ে যায় পুলিশ। লাশ দেখে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। হত্যাকারীদের বিচারের দাবিতে দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময়ে এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনেরা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ খলিলুরের লাশ তাঁর পরিবারের সদস্যদের বুঝিয়ে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা একটার দিকে যানচলাচল শুরু হয়। যে কারণে বিরোধ: খলিলুর দীর্ঘদিন ধরে টঙ্গীর সাতাইশ ও গাজীপুর এলাকার মাসকেটেক্স, মণ্ডল ও হারিকেনসহ বিভিন্ন কারখানায় ঝুটের ব্যবসা করে আসছিলেন। তাঁর ব্যবসা নিতে চেয়েছিলেন টঙ্গী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক। এরই জের ধরে ছয় মাস আগে গাজীপুরা এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এর পর খলিলুরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া খলিলুর দিপু সরকারের মা কাজী নুরুননাহার হত্যাসহ দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তিনি বা তাঁর কোনো ভাই জড়িত নন বলেও তিনি দাবি করেন।মামলা: নিহত খলিলুরের স্ত্রী নিলুফা ইয়াসমিন গতকাল টঙ্গী থানায় কাউন্সিলর আবু বকর সিদ্দিকের ভাই কাজী কামাল, কাজী আলম ও কাজী হুমায়ুন, দিপু সরকার, শাহাদৎ আলী ওরফে সাদুসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।