টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
টঙ্গীর খরতৈল এলাকায় গত শুক্রবার রাতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা প্রায় ১৫ লাখ টাকার ঝুট ও স্টক লটের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।গুদামের মালিক খলিল বলেন, ‘কিছুদিন ধরে এলাকার চিহ্নিত এক সন্ত্রাসী ও ঝুট ব্যবসায়ী আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। অন্যথায় আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। এ ব্যাপারে আমি ৫ ফেব্রুয়ারি টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। এরপর থেকে ওই সন্ত্রাসী ও তার লোকজন আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মুঠোফোনে বারবার হত্যার হুমকি দিতে থাকে।’ তিনি বলেন, ওই সন্ত্রাসী তাঁর গুদামে আগুন দিয়ে থাকতে পারে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।