টঙ্গীতে ট্রাকশ্রমিকদের হামলায় তিন পুলিশ আহত, গ্রেপ্তার ১
গাজীপুরের টঙ্গী এলাকায় গতকাল শুক্রবার ট্রাকশ্রমিকেরা পুলিশের রেকার ও বক্স ভাঙচুর করেন এবং পুলিশের ওপর হামলা চালান। এ সময় তিনজন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।আহত পুলিশ সদস্যরা হলেন সার্জেট আকরাম হোসেন, হাবিলদার আবদুল হাই ও কনস্টেবল মহিউদ্দিন। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ জানায়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় সড়কের ওপর গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ওই স্থানে থাকা সার্জেট আকরাম ট্রাকচালককে ট্রাকটি সরিয়ে নিতে বলেন। কিন্তু চালক ট্রাকটি না সরিয়ে আকরামের সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন। পরে আকরাম ট্রাকচালকের কাছে কাগজপত্র চাইলে তিনি ট্রাকস্ট্যান্ড থেকে অর্ধশত শ্রমিক নিয়ে এসে হামলা চালিয়ে পুলিশের একটি রেকার গাড়ি ও পুলিশ বক্স ভাঙচুর করেন। এ সময় ওই হাবিলদার ও কনস্টেবলসহ সার্জেন্ট আকরাম এগিয়ে গেলে শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালান। পরে ট্রাকচালক আবদুল্লাহপুর এলাকার লেহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।