টঙ্গীতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় বনমালা লেভেল ক্রসিংয়ে গতকাল মঙ্গলবার ট্রেন ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। টঙ্গী রেলওয়ে জংশনের প্রায় এক কিলোমিটার উত্তরে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে টঙ্গীর চেরাগ আলী মার্কেটগামী অটোরিকশার এ সংঘর্ষ হয়।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক শাহীন (২২), যাত্রী মো. দেলোয়ার হোসেন (৩০) ও জসিম উদ্দিন (৩৫)। আহত যাত্রী চান বিবি (৩০) ও সেলিম হোসেনকে (৪০) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে। তাঁরা স্থানীয় সুকুন্দিবাগ এলাকা থেকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ছয়টার দিকে অটোরিকশাচালক বনমালা লেভেল ক্রসিংয়ে উঠলে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক ও যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই সুন্দরবন এক্সপ্রেস অটোরিকশাকে ধাক্কা দিয়ে অন্তত ৩০০ গজ দূরে ঠেলে ছিটকে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দুর্ঘটনার পর রেলওয়ে ও টঙ্গী থানার পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় উদ্ধারকাজে এগিয়ে আসে। আহত দুই যাত্রীকে প্রথমে টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর হায়দরাবাদ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হতাহতদের আত্মীয়-স্বজনেরা দুর্ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী রেলওয়ের স্টেশন মাস্টার আবু তাহের জানান, বনমালা ক্রসিংয়ে অনুমোদিত কোনো গেট বা গেটম্যান নেই। যানবাহনগুলো নিজ দায়িত্বেই ক্রসিং পারাপার হয়। তবে ক্রসিংয়ের পাশেই সতর্কবাণী একটি বোর্ড লাগানো রয়েছে।