টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে গতকাল শনিবার পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এদের মধ্যে একজন নারী অন্যজন পুরুষ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় একটি ট্রেনের নিচে কাটা পড়ে এনামুল হক (৩২) নামে এক ব্যক্তি মারা যান। তিনি ঠাকুরগাঁওয়ের ফুর্তিবাড়ি এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
অন্য দুর্ঘটনাটি ঘটেছে টঙ্গীর মরকুন দক্ষিণপাড়া এলাকায়। সেখানকার রেলপথ পার হওয়ার সময় শিল্পী আক্তার (৩০) নামে এক নারী ঢাকাগামী তুরাগ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তাঁর বাঁ পা এবং ডান হাত কাটা পড়ে। নিহত শিল্পীর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর প্রামে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জানান, একজনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।