টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজনের নাম ইলিয়াস (২৮)। তাঁর বাড়ি খুলনার খালিশপুরে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। টঙ্গী রেলওয়ে স্টেশনমাস্টার মো. হালিমুজ্জামান জানান, সকাল সাড়ে সাতটার দিকে স্টেশনের দক্ষিণ দিকে খোলা জায়গা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন এক ব্যক্তি। ঢাকাগামী আন্তনগর ট্রেন একতার চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।স্টেশনমাস্টার বলেন, বেলা সোয়া ১১টায় ঢাকাগামী আন্তনগর যমুনা ট্রেন থেকে লাফিয়ে স্টেশনে নামতে গিয়ে যাত্রী ইলিয়াসের দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তাঁর দুই পা ও মাথা মারাত্মকভাবে থেঁতলে যায়। লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াসের মৃত্যু হয়।টঙ্গী স্টেশন কমলাপুর রেলওয়ে থানার অধীন। এ থানার পরিদর্শক মো. ওবায়দুর রহমান বলেন, ইলিয়াসের লাশের সুরতহাল প্রতিবেদন করে খুলনায় তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।