টঙ্গীতে ডেসটিনির জমি ক্রোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চল এলাকার মাছিমপুরে ডেসটিনির নয় একর ৬০ শতাংশ জমি গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে পুলিশ হেফাজতে (ক্রোক) নেওয়া হয়েছে। বায়না সূত্রে ওই জমির মালিক ডেসটিনির বনায়ন কার্যক্রম প্রতিষ্ঠান ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেড। ডেসটিনির বিরুদ্ধে দুদকের করা মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী এ জমি ক্রোক করা হয়।
টঙ্গী মডেল থানার পুলিশ সূত্র জানায়, দুদকের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও ঊর্ধ্বতন বিশেষ হাকিমের (সিনিয়র স্পেশাল জজ) আদেশ অনুযায়ী জমিটি ক্রোক করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ডেসটিনি ২০০০ লিমিটেডের বিরুদ্ধে ২০১২ সালে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা করেন। সেই মামলায় আদালত প্রতিষ্ঠানটির যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
টঙ্গী ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা লুৎফর রহমান জানান, টঙ্গী শিল্পাঞ্চলে রাজউক পরিকল্পনায় দেখা গেছে, মাছিমপুর মৌজার নয় দশমিক ৬০ একর জমির মালিক কোহিনুর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
২০০৭ সালের জুনে ডাইনাস্টি বিজনেস হাউসের কে এম শহিদুল্লাহ্ নামের এক ব্যক্তি খরিদ সূত্রে এ জমির মালিক হয়ে নামজারি করেন। তবে ডেসটিনি কীভাবে পরে এর মালিক হলো তার কোনো তথ্য ভূমি কার্যালয়ে নেই।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ওই জমির পশ্চিম দিকের মূল ফটকের পাশে ডেসটিনি মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের নামে একটি বিলবোর্ড লাগানো রয়েছে। তাতে ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেড বায়না সূত্রে এ জমির মালিক বলে উল্লেখ রয়েছে।