বাঁচানো গেল না কুষ্টিয়ার অগ্নিদগ্ধ গৃহবধূ তাসলিমা আক্তারকে (৩০)। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে পৃথক এক ঘটনায় গত সোমবার গাজীপুরের টঙ্গীতে দগ্ধ হয়েছে তিন শিশু।
গত শনিবার কুষ্টিয়ার ভেড়ামাড়ায় দগ্ধ হন তাসলিমা। তাঁর স্বজনদের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন।
তাসলিমার গায়ে আগুন দেওয়ার অভিযোগে তাঁর বাবা আবু তালেব শেখ চারজনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিরা হলেন তাসলিমার স্বামী আরিফুল মালিথা, শ্বশুর নজরুল মালিথা, চাচাশ্বশুর সামসুল মালিথা ও আমিরুল মালিথা। আরিফুল ছাড়া এজাহারভুক্ত তিন আসামিকেই পুলিশ সোমবার রাতে গ্রেপ্তার করেছে। আরিফুল পলাতক রয়েছেন।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাসলিমার বাবার বাড়ি রাজবাড়ীর পাংশায়। প্রায় ১০ বছর আগে কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ গ্রামের ভ্যানচালক আরিফুল মালিথার সঙ্গে তাঁর বিয়ে হয়। এ দম্পতির দুই ছেলে-মেয়ে রয়েছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, আগুন দেওয়ার ঘটনা জানতে পেরে সোমবার ষোলদাগ হাসপাতালে যান তিনি। সেখানে আহত গৃহবধূ ও তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন।
সোমবার গভীর রাতে তাসলিমাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল সকালে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, তাঁর মুখ ছাড়া সারা শরীর সাদা ব্যান্ডেজে মোড়ানো। টেনে টেনে শ্বাস নিচ্ছেন। মুখে কথা নেই। শুধু চোখ দুটি যন্ত্রণার কথা জানান দিচ্ছে। চিকিৎসকেরা জানান, তাঁর শরীরের ৭০ শতাংশের বেশিই পুড়ে গেছে।
তাসলিমার সঙ্গে থাকা তাঁর ভাই আনোয়ারুল অভিযোগ করেন, পাঁচ বছর আগে তাসলিমার স্বামী ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। তাঁদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হয়নি। নির্যাতনের মুখে এরপর তিন বছর বাবার বাড়িতেই ছিলেন তাসলিমা। দুই বছর আগে শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে যান তাঁকে। এরপর থেকে মারধর, নির্যাতন চলত প্রতিনিয়ত। গত শনিবার বিকেলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ফেলে রেখে যান তাঁরা। এরপর স্বজনেরা খবর পেয়ে সেখানে গেলেও টাকার অভাবে তাসলিমাকে ঢাকায় পাঠাতে পারেননি।
টঙ্গীতে তিন শিশু দগ্ধ: গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীর পাগার সোসাইটি মাঠে ময়লার স্তূপের আগুনে সোমবার সন্ধ্যায় তিন শিশু দগ্ধ হয়েছে। এরা হলো রিফাত হোসেন (৯), মো. তুষার (৬) ও টুটুল (১০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুষ্টুমি করে ম্যাচ দিয়ে ওই ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেয় টুটুল। পরে আগুন নেভাতে গেলে স্তূপ থেকে আগুন ছিটকে টুটুলসহ তার সঙ্গে থাকা ওই দুই শিশুর শরীরে এসে পড়ে।