টঙ্গীতে দুই কনস্টেবল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সেনাসদস্যের ওপর হামলা চালানোর অভিযোগে গাজীপুরের টঙ্গী থানার দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের প্রত্যাহার করা হয়৷ ওই দুজন হলেন আব্বাস আলী ও বাবর আলী।
পুলিশ জানায়, সকালে সাভার সেনানিবাস থেকে মালবোঝাই ১৬টি কাভার্ড ভ্যান খাগড়াছড়ি সেনানিবাসের উদ্দেশে ছেড়ে আসে। পথে টঙ্গীর শিলমুন রোডের টিঅ্যান্ডটি গেট এলাকায় সেনাসদস্যদের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে টঙ্গী থানার পুলিশের একটি টহল গাড়ির ধাক্কা লাগে৷ এ নিয়ে কাভার্ড ভ্যানে সাদা পোশাকে থাকা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদৎ হোসেনের সঙ্গে আব্বাস ও বাবরের কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়।
পুলিশ জানায়, একপর্যায়ে সেনাসদস্য শাহাদৎ হোসেন কাভার্ড ভ্যান থেকে নেমে আসেন৷ এ সময় পুলিশ কনস্টেবল আব্বাস আলী শটগানের বাঁট দিয়ে তাঁর (শাহাদৎ) পায়ে আঘাত করেন। পরে বিষয়টি গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানতে পারেন৷ এ ঘটনায় গতকাল দুপুরে তাঁর মৌখিক নির্দেশে আব্বাস ও বাবরকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। টঙ্গী মডেল থানার ওসি কাজী ইসমাইল হোসেন কনস্টেবল আব্বাস ও বাবরকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেন।