টঙ্গীতে দুই খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে দুই দিনে দুজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন টঙ্গীর মিরাশপাড়া এলাকার মো. আমান (৩১), জুয়েল মিয়া (২৬) ও এরশাদনগর এলাকার মাসুদ ওরফে পুরি মাসুদ (২৮)।পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গীর মিরাশপাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাকশ্রমিক আকতার হোসেন (30) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে টঙ্গীর মিরাশপাড়া কাবিল উদ্দিনের বাড়ি থেকে জুয়েলকে এবং সোহরাওয়ার্দী রোড থেকে আমানকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার ঝুট ব্যবসায়ী ইসরাফিলকে (২৮) গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একই রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) একটি দল এরশাদনগর এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা তিনজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিনজনকেই আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, মিরাশপাড়া ট্যাংকের মোড় এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আকতার নিহত হন। এ ছাড়া গত সোমবার রাতে দত্তপাড়া এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে ঝুট ব্যবসায়ী ইসরাফিলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।