টঙ্গীতে দুই নারীকে কুপিয়ে জখম
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার অন্তঃসত্ত্বা এক নারী ও তাঁর শাশুড়িকে কুপিয়ে জখম করেছে এক কিশোর। পরে আশপাশের লোকজন নিজাম চৌধুরী ওরফে রুদ্র (১৬) নামের ওই কিশোরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজাম চৌধুরী আউচপাড়ার বাসিন্দা মোহসিনের ভাগনে। নিজাম সকাল নয়টার দিকে মোহসিনের নিচতলার ভাড়াটে মেহেদির কাছে ২০ হাজার টাকা পাওনা আদায় করতে যায়। মেহেদির স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নিজাম মেহেদির স্ত্রীকে মারতে উদ্যত হলে তিনি দৌড়ে পাশের মিজানের বাসায় আশ্রয় নেন। এ সময় মিজানের ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নিজামকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নিজাম বঁটি দিয়ে মিজানের স্ত্রী ও মাকে এলোপাতাড়ি কোপায়। একটি কোপ মিজানের স্ত্রীর পেটে লাগে। আশপাশের লোকজন নিজামকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।