টঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ২
গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় গতকাল রোববার সন্ত্রাসীদের দুপক্ষের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন কাউসার (৩৫) ও জালাল (২৫)।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে স্থানীয় কাউসার, জালাল, বাদল, শিপু, ইদ্রিস, সালাম, টিপু, বাবু, রোমান, মসল্লা রাসেল, নাসির ও কানা রুবেল পূর্ব আরিচপুর মতির বস্তিতে বৈঠক করছিলেন। এ সময় এলাকার নিয়ন্ত্রণকারী শিপু ও তাঁর সহযোগীদের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কাউসার ঘটনাস্থলেই নিহত হন। কাউসারের আরও দুই সহযোগী জালাল ও ইলিয়াস আহমেদ ওরফে বাদল (২৬) গুরুতর আহত হন। দুজনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জালালের মৃত্যু হয়। পুলিশ সূত্র জানায়, দুপক্ষই এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। চাঁদার টাকা ভাগবাটোয়ারা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দুপক্ষের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।