টঙ্গীতে নিখোঁজ হওয়ার সাত দিন পর শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের সাত দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর শিলমুন মণ্ডলপাড়া এলাকার পতিত জমি থেকে পুলিশ এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে। নিহত শিশুটির নাম রিতা আক্তার (৫)। সে নরসিংদীর রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের মো. মুজিবুর রহমানের মেয়ে। সে টঙ্গীর শিলমুন মণ্ডলপাড়া এলাকার মো. হাছানের বাড়িতে বাবা ও সৎমায়ের সঙ্গে বাস করত। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে টঙ্গীর শিলমুন মণ্ডলপাড়া এলাকা থেকে ১৩ মার্চ দুপুরে খাবার সেরে রিতাকে ঘরে রেখে মা-বাবা ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে রিতাকে তাঁরা কোথাও খুঁজে পাননি। মেয়েকে খুঁজে না পেয়ে এ ব্যাপারে রিতার বাবা টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন।পুলিশ নিহত রিতার পরিবারের বরাত দিয়ে জানায়, এক বছর ধরেই রিতা তার বাবা ও সৎমা রাবেয়া খাতুনের সঙ্গে টঙ্গীতেই বসবাস করত। তার মা নুরুন্নাহার ৭ মার্চ টঙ্গীর ওই বাসায় আসেন। রিতাকে দ্বিতীয় স্ত্রী রাবেয়ার কাছে রেখে ১৩ মার্চ প্রথম স্ত্রীকে নিয়ে স্বামী ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রিতাকে ঘরে রেখে রাবেয়াও ঘুমিয়ে পড়লে রিতা নিখোঁজ হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় স্বামী ও দুই স্ত্রীর মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।