টঙ্গীতে নির্মাণাধীন ছাদ ধসে একজন শ্রমিক নিহত
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় গতকাল রোববার দুপুরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে একজন নির্মাণ শ্রমিক নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. সাব্বির (২৫)। আহত শ্রমিকেরা হলেন: শামীম (২৮), ওমর ফারুক (২৫), বাদল (২৬), নুরুল ইসলাম (৫০), জাকির (৩২), রাজু (২৮), জালাল (৪৫) ও হাফিজুল (২৫)। এঁদের টঙ্গী সরকারি হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।আহত শ্রমিকেরা জানান, গতকাল বিসিক শিল্প এলাকায় খান এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (ক্যাপকো) ছয়তলা ভবনের দ্বিতীয় তলার বর্ধিতাংশের ছাদ ঢালাইয়ের শেষ পর্যায়ের কাজ চলছিল। বেলা দুইটার দিকে হঠাৎ কাঠের সেন্টারিং ভেঙে গিয়ে পুরো ছাদ ধসে পড়ে। এতে ছাদে কর্মরত সাতজন শ্রমিক আহত হন। চাপা পড়েন নিচে কর্মরত দুই শ্রমিক। খবর পেয়ে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা ধসে পড়া ছাদের নিচ থেকে রাতে সাব্বিরের লাশ উদ্ধার করেন। এর আগে হাফিজুলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকাজের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, নির্মাণ ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর ভবনের মালিকসহ নির্মাণ সংশ্লিষ্টরা গা ঢাকা দেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ধসে পড়া ছাদের নিচ থেকে একজন শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।নিন্দা ও ক্ষোভ: ছাদ ধসে শ্রমিক হতাহতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ। গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি দুর্ঘটনার জন্য দায়ী ভবন মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি আহত নির্মাণ শ্রমিকদের সুচিকিৎসা ও হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।