টঙ্গীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত এক স্বামী তাঁর পোশাকশ্রমিক স্ত্রীকে ধারালো কঁাচি দিয়ে জখম করেছেন৷ গতকাল বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে৷ গুরুতর অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
আহত নারীর নাম রহিমা আক্তার (৩০)৷ তিনি দত্তপাড়ার একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় ঘুড়ি অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় কাজ করেন৷
রহিমার চাচাতো বোন নার্গিস আক্তার জানান, তাঁর বোনের স্বামী মোমেন মিয়া আগে চাকরি করতেন৷ কিন্তু তিন–চার মাস আগে মোমেন এলাকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে চলাফেরা করে নেশাগ্রস্ত হয়ে পড়েন৷ পরে তিনি চাকরি ছেড়ে দেন৷ এরপর বোনের বেতনের টাকা ছিনিয়ে নেশা করতেন৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন পাওয়ার পর গত বুধবার রাতে রহিমার কাছে নেশার জন্য টাকা চান মোমেন৷ রহিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ঝগড়া হয়৷ গতকাল সকাল পৌনে আটটার দিকে মোমেন তাঁর স্ত্রীকে বেতনের সব টাকা তাঁর হাতে দিতে বলেন৷ ওই টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে মোমেন ঘরে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে রহিমার বুকে ও ঊরুতে বেশ কয়েকটি আঘাত করে পালিয়ে যান৷ পরে ওই বাড়ির লোকজন রহিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান৷