টঙ্গীতে পলিথিন কারখানা উচ্ছেদ, যন্ত্রপাতি জব্দ
গাজীপুর সদর উপজেলার টঙ্গী এলাকায় গতকাল বুধবার অবৈধ পলিথিন কারখানা উচ্ছেদে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে চারটি অবৈধ পলিথিন কারখানা সিলগালা ও একটি কারখানা থেকে ছয় টন পলিথিন উৎপাদনের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশনা ও তত্ত্বাবধানে অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, উপপরিচালক নূর আলম, ডেসকো ও র্যাব-১-এর একটি যৌথ দলের সহায়তায় এ অভিযান চালানো হয়। ওই অভিযানে গতকাল পলিথিন কারখানা স্থাপনের জন্য জমির ভাড়া দেওয়ার অপরাধে জমির মালিক গাজীপুর পৌরসভার সাবেক কমিশনার সিদ্দিকুর রহমান ও অপর কারখানার মালিককে দণ্ডিত করে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, গত রোববার থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে গতকাল পর্যন্ত চার দিনে প্রায় ১১ লাখ টাকা জরিমানা আদায় ও ৪৬ টন পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি/সরঞ্জাম জব্দ এবং ১১টি কারখানা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া চারজনকে আটকের পর জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।