টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু
বিশ্বে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে এ বছরও শুরু হলো জোড় ইজতেমা। গতকাল শুক্রবার ভোর থেকে তুরাগ নদের পাড়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ ইজতেমা ৬ ডিসেম্বর শেষ হবে।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, জোড় ইজতেমায় তিন চিল্লাওয়ালা সাথিরা অংশ নেবেন। জোড় ইজতেমা শেষে তাঁরা ইসলামের দাওয়াতের কাজে বের হবেন ও আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার মূল পর্বে শরিক হবেন।
মাওলানা গিয়াস উদ্দিন আরও বলেন, গতকাল বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজের ‘কালগুজারি’ বয়ান দিয়ে জোড় ইজতেমার মূল কাজ শুরু হয়। এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আবদুল মতিন।
কীভাবে ইসলাম ধর্মের দাওয়াতের কাজ করতে হবে তার তালিম দেওয়া-নেওয়ার জন্য দেশ-বিদেশের মুসল্লিরা এই জোড় ইজতেমায় সমবেত হন। প্রতিবছর জোড় ইজতেমায় কয়েক লাখ মুসল্লি অংশ নেন। ইতিমধ্যে পাঁচ শতাধিক বিদেশি মুসল্লিসহ কয়েক হাজার মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন।
ইজতেমা আয়োজক কমিটির এই সদস্য আরও বলেন, ১৩ জানুয়ারি থেকে তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ব কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।