গাজীপুরের টঙ্গী পৌরসভার স্টেশন রোডের পুলিশ বক্স, সরকারি রেকার ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে ১১ জনসহ অজ্ঞাতনামা শ্রমিকদের আসামি করে মামলা করেছে। মামলার পর থেকে শ্রমিকেরা পালিয়ে বেড়াচ্ছেন।পুলিশ ও ট্রাক শ্রমিকদের সূত্রে জানা গেছে, টঙ্গীর স্টেশন রোড এলাকায় গত শুক্রবার বিকেলে লেহাজ উদ্দিন নামের ট্রাক শ্রমিকের সঙ্গে ট্রাফিক সার্জেন্ট আকরাম হোসেনের বাগিবতণ্ডার কারণে পুলিশ লেহাজ উদ্দিনের ট্রাক রেকার দিয়ে তুলে নিয়ে যায়। পরে ট্রাক শ্রমিকেরা টঙ্গীর স্টেশন রোডের পুলিশ বক্স ও রেকার ভাঙচুর করেন। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ লেহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ১১ শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শ্রমিকদের আসামি করা হয়েছে। এ কারণে ট্রাক শ্রমিকেরা পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। তবে পুলিশ অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।ট্রাক শ্রমিকেরা জানান, এ ঘটনায় ট্রাকস্ট্যান্ডে শ্রমিকদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে, উপস্থিত শ্রমিকদের কাছে ঘটনার সূত্রপাত জানতে চাইলে তাঁরা জানান, ‘আমরা তো রাস্তায় বের অইলেই হ্যাগো চান্দা দেই, না দিতে চাইলেই নানা বাহানায় ঝামেলায় ফালায়।’টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।