টঙ্গীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাতে গাজীপুরের টঙ্গীর তিস্তার গেট এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ তিনি আহত হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত জুয়েল ওরফে বাঘা জুয়েল (২৯) টঙ্গী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তিনি টঙ্গী ইসলামপুর (দত্তপাড়া) আলম মার্কেট এলাকার সেন্টু মিয়ার ছেলে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদারের ভাষ্য অনুযায়ী, টঙ্গীর মরকুন রেললাইন এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও জুয়েল দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তাঁকে উদ্ধার করে টঙ্গী ৫০ শয্যার সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করতে বলেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে মারা যান তিনি। ওসি ফিরোজ বলেন, পুলিশ জুয়েলের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের সময় আত্মরক্ষা করতে গিয়ে মাটিতে পড়ে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
টঙ্গী ৫০ শয্যার সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার মো. তানজীর আনোয়ার বলেন, জুয়েলকে বুধবার রাত দুইটার দিকে হাসপাতালে আনা হয়। তাঁর দুই পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।