টঙ্গীতে পুলিশের 'চাঁদাবাজি' বন্ধের দাবি অটোরিকশা চালকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ‘চাঁদাবাজি ও নির্যাতন’ বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক-কর্মচারীরা। স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেলের বাড়ির সামনে দুপুরে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন টঙ্গী থানা রিকশা-ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. হুমায়ুন কবির প্রমুখ। তাঁরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইকের (অটোরিকশা) শ্রমিকেরা পুলিশের নির্যাতন ও চাঁদাবাজির শিকার হয়ে আসছেন। পুলিশ প্রতিটি অটোরিকশা থেকে দৈনিক ৮০০ টাকা হারে চাঁদা আদায় করে থাকে। এ ছাড়া তারা ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যায় এবং চালককে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাঁরা এ পরিস্থিতি থেকে রেহাই পেতে সাংসদের সহায়তা চান।
সাংসদ জাহিদ আহসানের চাচা গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান এ সময় ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকদের অভিযোগ শোনেন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর তাঁরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার। তিনি বলেন, আদালত ও মন্ত্রণালয়ের নিষেধ সত্ত্বেও কিছু চালক মহাসড়কে অটোরিকশা চালান। এসব রোধে অনেক সময় অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়া হয়। আবার অনেক চালক মহাসড়কে নিষিদ্ধ গাড়ি দাঁড় করিয়ে অন্যত্র অবস্থান করেন। তখন রেকার লাগিয়ে গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। এ জন্য স্লিপ দিয়ে ৮০০ টাকা আদায় করা হয়।